বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে অন্যতম জনপ্রিয় নাটক হুমায়ূন আহমেদের ‘কোথা কেউ নেই’ ধারাবাহিক নাটকটি। তিন দশক পরও এই নাটকের কথা দর্শক ভোলেননি, কিংবা এখনো দর্শক নিজে থেকে আগ্রহ নিয়ে ইউটিউবে খুঁজে খুঁজে এই নাটক দেখেন। এখনো দর্শক বাংলাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তি দুই অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফার অভিনয় দেখেন প্রাণভরে।
এ নাটকে আসাদুজ্জামান নূর অভিনয় করেছিলেন ‘বাকের ভাই’ চরিত্রে আর সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছিলেন ‘মুনা’ চরিত্রে। দুটি চরিত্র দর্শকের মনে এতটাই গেঁথে গেছে যে, এখনো দর্শক তাদের ভোলেননি। নাটকের উদাহরণের কথা চলে এলে চলে আসে এই ‘কোথাও কেউ নেই’ নাটকের কথা। এ নাটকের পর আসাদুজ্জামান নূর হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’সহ আরও বেশকিছু নাটকে অভিনয় করেছিলেন।
সর্বশেষ ২০১৬ সালে তারা দুজন মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় ‘মাটির প্রদীপ’ নাটকে অভিনয় করেছিলেন। অভিনয় জীবনে তাদের বড় প্রাপ্তি তারা দুজনেই তাদের অভিনয় দিয়ে এদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং এখনো দর্শক তাদের নতুন নতুন নাটক দেখার প্রত্যাশা রাখেন।
তাদের অভিনীত পুরোনো নাটকগুলোর কমেন্ট দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। দর্শক এখনো এই জুটিকে নাটকে দেখার আগ্রহ প্রকাশ করেন প্রতিনিয়ত। আবার রাজনৈতিক জীবনেও সফল দুজন। আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীও হয়েছিলেন। বর্তমানে তিনি সংসদ সদস্য। অন্যদিকে সুবর্ণা মুস্তাফাও সংসদ সদস্য। এদিকে আজ আসাদুজ্জামান নূরের জন্মদিন।
তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘নূর ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি তিনি সব সময় সুস্থ থাকুন, ভালো থাকুন। সংস্কৃতি অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণ আরও বাড়ুক এবং মাঝে মাঝে ভালো গল্পের নাটকে অভিনয় করলেও ভালো হয়।’
আসাদুজ্জামান নূর জানান, বছরের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক একটি দিন কাটবে তার। তিনি বলেন, ‘আমি আমার জন্মদিনকে ঘিরে কোনো আয়োজনে অংশগ্রহণ করি না। আমার ৫০তম, ৬০তম এবং ৭৫তম বছরেও যখন পা রেখেছিলাম, তখন আমার নাট্যদলকে কোনো বিশেষ আয়োজন করতে নিষেধ করেছিলাম। ছোটবেলাতেও আমার জন্মদিন বিশেষভাবে উদ্যাপন করা হতো না। বাড়িতে হয়তো সেদিন মা একটু বেশি রান্না করতেন। আর তেমন বিশেষ কিছু নয়।’
নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে আসাদুজ্জামান নূর চার দশকের বেশি সময় ধরে মঞ্চে অভিনয় করছেন। এ দলের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন ‘তৈলো সংকট’ নাটকে। টিভি নাটকে প্রথম অভিনয় করেন ‘রঙ্গের ফানুষ’-এ। সিনেমাতে দর্শক তাকে প্রথম দেখতে পান ‘শঙ্খনীল কারাগার’-এ।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন