সৌদি আরবে প্রথমবারের মতো উচ্চগতির ট্রেন চালালেন এক নারী। আর এর মাধ্যমে থারা আলি নামের ওই নারী নতুন রেকর্ড গড়লেন। দেশটিতে নারীদের সরকারি-বেসরকারি কাজে নিয়োজিত করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তিনি তারই আলোকে এ সুযোগ পেলেন।
সৌদি আরবে নারীরা গাড়ি চালানোর সুযোগ পেয়েছেন ২০১৮ সাল থেকে। তবে অল্প কিছুদিন আগে পর্যন্ত কেবল থারা আলির জন্মস্থান জেদ্দায় পারিবারিক সেডান চালানোর অভিজ্ঞতা ছিল। সেখান থেকে এ পর্যায়ে আসতে তাকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। তবুও স্বপ্ন পূরণ হয়েছে অবিশ্বাস্যভাবে। ইংরেজি শিক্ষিকা থেকে তিনি এখন ট্রেনচালক।
গত বছর হারামাইন হাইস্পিড রেলওয়ে নারীদের জন্য ৩২টি পদে আবেদন আহ্বান করলে প্রায় ২৮ হাজার দরখাস্ত জমা পড়ে। পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে ৪৫০ কিলোমিটার রুটে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে চলে এই ট্রেন।
তবে অবাক করা ব্যাপার হলো, এত দরখাস্তের মধ্যেও খারা আলিকে নির্বাচিত করা হয়। তিনি গত মাসে তার প্রথম ট্রিপ সম্পন্ন করেন।
তিনি বলেন, প্রথম দিনের কাজ ছিল স্বপ্নের মতো। ট্রেনে প্রবেশ করা, কেবিনে ঢোকা ছিল সত্যিই অবাক করা ঘটনা। সৌদি আরবে কর্মীবাহিনীতে নারীদের অংশগ্রহণ ২০১৬ সালের পর ১৭ ভাগ থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ৩৭ ভাগ। সূত্র : জিও নিউজ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন