বিশেষায়িতদের জন্য আলাদা পরীক্ষা প্রয়োজন: ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম

মো. নাইমুল হক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ১২:৩৩ পিএম
বিশেষায়িতদের জন্য আলাদা পরীক্ষা প্রয়োজন: ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম

সমন্বিত পরীক্ষার ব্যাপারে বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থী ও অভিভাবকদের অনেক দিনের চাওয়া পূর্ণ হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের ভোগান্তি ও হয়রানি দূর হবে। ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হতো।

থাকার জায়গা ম্যানেজ করা, যাতায়াত করার কষ্টগুলো এখন আর করতে হবে না। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমবে। দূরত্বের কারণে অনেক মেধাবী ভালো প্রতিষ্ঠানে বা ঢাকার প্রতিষ্ঠানে আসতে পারেন না। সমাজের সর্বস্তরে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ আরেকটু সহজ হয়ে উঠবে।

তবে দেশের ইঞ্জিনিয়ারিং, কৃষি ও মেডিকেল কলেজগুলোর পরীক্ষা আলাদা নেয়া যেতে পারে। এই বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর বর্তমানের মতো পরীক্ষা নেয়া প্রয়োজন। বর্তমানে এই প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য শিক্ষার্থীদের আলাদা প্রস্তুতি থাকে এটি বজায় থাকা গুরুত্বপূর্ণ। প্রথমেই এই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা নিয়ে পরবর্তীতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়া যেতে পারে।

আমাদের পরামর্শ থাকবে বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোকে যেন আলাদা করা হয়। যে সব বিশ্ববিদ্যালয় এখনো সমন্বিত পর্যায়ে রাজি নয় তাদের সাথে ইউজিসির বসা প্রয়োজন। তাদের সমস্যা গুলো কী? কেন তারা রাজি হচ্ছে না? তাদের দাবি-দাওয়ার দিকে নজর দিতে হবে। 

তাদের সমস্যাগুলো দূর করার জন্য ভূমিকা রাখতে হবে। গুচ্ছ পদ্ধতির ব্যাপারে তিনি বলেন, গুচ্ছ একটা ভালো উদ্যোগ ছিল। কিন্তু এ নিয়েও সমালোচনার সৃষ্টি হয়েছে। সমন্বিত পরীক্ষায় যেন এ ধরনের সমস্যা না থাকে এ ব্যাপারে গুচ্ছ থেকে শিক্ষা নিতে হবে।