- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক
- ঘণ্টাব্যাপী বৈঠকের বিষয়ে মুখ খুলছে না কেউ
- তারেক রহমানকে অবহিত করে আজ স্থায়ী কমিটির বৈঠক
- অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে
—যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে বিএনপি। যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে গতকাল রোববার দুপুর ১২টার দিকে বারিধারায় রাষ্ট্রদূতের বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অন্যদিকে বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পিটার হাস ছাড়াও দেশটির দূতাবাসের আরও দুই কর্মকর্তা অংশ নেন। সেখানে অন্তত ঘণ্টাখানেক অবস্থান করেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, গতকাল রোববার দুপুর ১২টায় গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক শুরু হয়। তিনি বলেন, রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার বাসায় বৈঠক হয়েছে। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপির তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্র দূতাবাস এক ফেসবুক পোস্টে বলেছে, বৈঠকে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব’ নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আজকে (সোমবার) দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের মনোভাব উপস্থাপন করা হবে। তার আগে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিস্তারিত জানানো হবে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি-না সামগ্রিক বিষয় জানতে চেয়েছে বলে জানা গেছে। বিএনপিকে ভোটে যেতে যুক্তরাষ্ট্র আহ্বান করেছে এবং উৎসাহ দিয়েছেন। তবে বিএনপি শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে যাবে না, অতীতে সরকারের অধীনে নির্বাচনে কারচুপি ও দখলের যুক্তি প্রমাণ তুলে ধরা হয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আমার সংবাদকে বলেন, দুঃখিত এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ওবায়েদও আমার সংবাদকে বলেন, বৈঠকের বিষয়টি বিএনপি থেকে জানানো হতে পারে। তিনি কিছু বলতে রাজি নন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন