বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা মহানগরী প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, অবৈধ ভবন নির্মাণ, জলাধার দখল ও পরিবেশগত ঝুঁকি, সব মিলিয়ে রাজধানীকে টেকসই ও বাসযোগ্য করে গড়ে তোলা একটি কঠিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব বাস্তবায়নের প্রধান সরকারি সংস্থা হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউক ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকায় পরিকল্পিত উন্নয়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, ইমারত নির্মাণ অনুমোদন এবং স্যাটেলাইট টাউন গঠনের মাধ্যমে একটি আধুনিক, সুশৃঙ্খল ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
রাজউকের কার্যক্রম কেবল ভবন অনুমোদনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি সমন্বিত নগর উন্নয়ন সংস্থা, যার কাজের পরিধি বিস্তৃত ও বহুমাত্রিক।
রাজউকের অন্যতম প্রধান কাজ হলো নগর পরিকল্পনা ও উন্নয়ন। এ ক্ষেত্রে নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়। বিশেষ করে ডিটেইল্ড এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে কোন এলাকায় কী ধরনের উন্নয়ন হবে, কোথায় আবাসিক, বাণিজ্যিক বা শিল্প এলাকা গড়ে উঠবে, তা নির্ধারণ করা হয়। এই পরিকল্পনা নগরের ভারসাম্যপূর্ণ ও টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে।
ঢাকা মহানগরের মাস্টার প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা রাজউকের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দলিল যার মাধ্যমে ভবিষ্যৎ নগর কাঠামো নির্ধারিত হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে যানজট হ্রাস, খোলা জায়গা ও পার্ক সংরক্ষণ, জলাধার রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়।
রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা ভবন নির্মাণের নকশা অনুমোদন করে এবং নির্মিত ভবনগুলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা মেনে তৈরি হয়েছে কিনা তা তদারকি করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, কারণ অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ ভবন নগরবাসীর জীবন ও সম্পদের জন্য হুমকি সৃষ্টি করে।
রাজউক ভূমির শ্রেণি ও এলাকা অনুযায়ী ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স বা ভূমি ব্যবহারের ছাড়পত্র প্রদান করে। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে আবাসিক এলাকায় শিল্প স্থাপনা গড়ে উঠছে না, জলাভূমি ও কৃষিজমি রক্ষা পাচ্ছে এবং পরিকল্পনার বাইরে ভূমি ব্যবহার হচ্ছে না। এটি নগরের পরিবেশ ও পরিকল্পনা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
রাজউক বিভিন্ন সরকারি আবাসন প্রকল্পের মাধ্যমে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ প্রদান করে থাকে। এই কার্যক্রমের মধ্যে রয়েছে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ, চুক্তি সম্পাদন, মালিকানা হস্তান্তর এবং আবাসন প্রকল্পের সার্বিক তদারকি। এর ফলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য পরিকল্পিত আবাসনের সুযোগ সৃষ্টি হয়। অবৈধ স্থাপনা, জলাভূমি দখল ও কৃষিজমি রক্ষায় রাজউক নিয়মিত উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এই অভিযানের মাধ্যমে অবৈধ ভবন উচ্ছেদ, জলাধার পুনরুদ্ধার এবং পরিকল্পনার শৃঙ্খলা প্রতিষ্ঠা নিশ্চিত করা হয়।
রাজউক একটি শক্তিশালী ও কার্যকর প্রশাসনিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। এটি একজন চেয়ারম্যান ও পাঁচজন সদস্যের সমন্বয়ে গঠিত পর্ষদ দ্বারা পরিচালিত হয়।
এই পর্ষদ রাজউকের নীতিনির্ধারণ, পরিকল্পনা অনুমোদন ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করে থাকে।
বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী রিয়াজুল ইসলাম। তার নেতৃত্বে রাজউক নতুন করে গতিশীলতা লাভ করেছে। তিনি নগর পরিকল্পনা, নগরায়ন ও নগর ব্যবস্থাপনায় আইনানুগ শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
প্রকৌশলী রিয়াজুল ইসলামের নেতৃত্বে অবৈধ ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থান, জলাধার সংরক্ষণে দৃঢ় পদক্ষেপ, বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ এবং আধুনিক ও টেকসই নগরায়নের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বিশ্বাস করেন, আইনের শাসন ও পরিকল্পনার শৃঙ্খলা ছাড়া সুন্দর নগর গড়া সম্ভব নয়। এই দর্শনকে সামনে রেখে তিনি ও তার নেতৃত্বাধীন পাঁচজন সদস্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংস্থায় রূপান্তরের চেষ্টা করছেন।
রাজউক কেবল একটি উন্নয়ন সংস্থা নয় এটি একটি স্বপ্নের নগর গঠনের কারিগর। পরিকল্পিত নগরায়ন, পরিবেশ সংরক্ষণ, আইনানুগ ভবন নির্মাণ এবং আধুনিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজউক একটি নিরাপদ, পরিবেশবান্ধব, বাসযোগ্য ও আধুনিক ঢাকা মহানগর গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।
ঢাকা মহানগরের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার ওপর। পরিকল্পনা ছাড়া উন্নয়ন যেমন বিপর্যয় ডেকে আনে, তেমনি দৃঢ় নেতৃত্ব ও সঠিক বাস্তবায়ন একটি নগরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।
প্রকৌশলী রিয়াজুল ইসলামের নেতৃত্বে রাজউক যে সাহসী পদক্ষেপ ও দূরদর্শী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, তা বাস্তবায়িত হলে ঢাকা একটি সুন্দর, আধুনিক ও টেকসই নগরীতে রূপ নিতে পারে, এই প্রত্যাশাই আজ নগরবাসীর।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন