বুয়েটসহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার নতুন করে ৫ দফা দাবি জানিয়েছে। তারা জানান, সরকার এবং স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টা শাহবাগে এসে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এছাড়া, অন্তর্বর্তী সরকারের গঠিত ‘নিরীক্ষা কমিটি’ও তারা প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনকারীরা বলছেন, কমিটিতে তাদের প্রতিনিধিত্ব থাকতে হবে।
বুধবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ এ বিষয় জানান এবং পাঁচ দফা দাবি ঘোষণা করেন।
জুবায়ের আহমেদ বলেন, “প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আমাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের প্রতিনিধিত্ব না থাকার কারণে আমরা সেটি প্রত্যাখ্যান করেছি।”
তিনি আরও বলেন, “উপযুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি সংস্কার করতে হবে। আগের তিন দফা দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে আজই এর নিশ্চয়তা দিতে হবে।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “পুলিশের হামলায় আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে যৌক্তিক আন্দোলনে আর কোনো ধরনের হামলা করা যাবে না। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং চাকরিচ্যুত করতে হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন