ঝিনাইদহের কোটচাঁদপুরে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়ে দিনব্যাপী চলে বিভিন্ন ধর্মীয় আয়োজন। এ উপলক্ষে সকাল থেকেই কোটচাঁদপুরের সলেমানপুর জগন্নাথদেবের মন্দিরে ভক্তদের সমাগম ঘটে।
জানা যায়, ভারতের পুরীর জগন্নাথদেবের মন্দির থেকে রথযাত্রার প্রচলন শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার গুন্ডিচা মন্দিরে গমন এবং পুনরায় ফিরে আসার স্মরণে প্রতিবছর এ উৎসব পালন করেন।
এরই ধারাবাহিকতায় কোটচাঁদপুরের সলেমানপুর জগন্নাথদেবের মন্দিরে গত দুই বছর ধরে রথ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। বৃহস্পতিবার সকালে ভক্তরা মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে রথ টানা, কীর্তন ও প্রসাদ বিতরণে অংশ নেন।
রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত টানা আট দিন ধরে জগন্নাথদেবের মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলবে। পাশাপাশি রথযাত্রাকে ঘিরে মেলায় আগত বিভিন্ন ধরনের রাইড ও দোকানপাট উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলেছে।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে রথ টানা হয়। এ সময় উপস্থিত ছিলেন রথ উৎসব কমিটির সভাপতি মহিন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক বাঁধন শাহ, সাবেক সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়, পল্লী চিকিৎসক শিবপদ বিশ্বাসসহ স্থানীয় রথ উৎসব কমিটির নেতৃবৃন্দ।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন