রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে ভিক্টর পরিবহনের একটি যাত্রাবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরে ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আমরা রাত ১০টার দিকে বাসে আগুনের সংবাদ পাই। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে ঘটনাস্থলে এক প্রত্যক্ষদর্শী তানভীর আহমেদ জানান, রাত ১০টার কিছু আগে হটাৎ বাসে আগুন ধরে যায়। পরে দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে গেলে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীমকে একাধিক ফোন করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন