মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৫২ পিএম
মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে রাকিব হোসেন বিশাল নামে যুবদলের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। 

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের জহুরী মহল্লা এলাকার মিনার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহত রাকিব আদাবর শাখা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা পুলিশের একটি টহল দল (অ্যাপোলো টিম) দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ঘটনাস্থল থেকে পালানোর সময় পুলিশ নাঈম ও রাজিব নামে দুই যুবককে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন এলাকায়।

এদিকে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইএইচ