বাণিজ্য মেলায় বিআরটিসির শাটল বাস সার্ভিস শুরু ৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৩:১০ পিএম
বাণিজ্য মেলায় বিআরটিসির শাটল বাস সার্ভিস শুরু ৩ জানুয়ারি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণার কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। 

নতুন নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩ জানুয়ারি শনিবার থেকে মেলা শুরু হতে যাচ্ছে এবং একই দিন থেকে বিআরটিসির বিশেষ শাটল বাস সার্ভিসও চালু হবে।

ঢাকার কুড়িল বিশ্বরোডসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে মেলা সমাপনী দিন পর্যন্ত বিআরটিসির এই বিশেষ বাস সার্ভিস চলবে। বাণিজ্য মেলায় যাতায়াতকারী যাত্রী সাধারণের যাত্রা সহজ করতে এবার অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই টিকিট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসির ওয়েবসাইট www.brtc.gov.bd থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

বাণিজ্য মেলার উদ্দেশ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান অথবা খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী ও গাজীপুর (শিববাড়ি, ভোগড়া বাইপাস ও মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) থেকে বিআরটিসির শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে শহরের উদ্দেশ্যে সর্বশেষ ট্রিপটি ছেড়ে আসবে রাত ১১টায়।

যাত্রী সাধারণের সুবিধার্থে রুট অনুযায়ী নির্ধারিত ভাড়ার হার প্রকাশ করা হয়েছে। কুড়িল থেকে মেলা প্রাঙ্গণের ভাড়া ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান অথবা খামারবাড়ী) থেকে মেলা প্রাঙ্গণ ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা এবং গাজীপুর থেকে শিববাড়ি, ভোগড়া বাইপাস ও মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে মেলা প্রাঙ্গণের ভাড়া ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইএইচ