রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সীমান্ত বিশ্ববিদ্যালয়ের রসায়ন (কেমিস্ট্রি) বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তিনি হাজারীবাগের ওই বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন।
নিহতের চাচা রুহুল আমিন জানান, গত রাত নয়টার পর থেকে নিজের কক্ষের দরজা বন্ধ করে রেখেছিলেন সীমান্ত। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে রুমমেট ও বাড়ির মালিক দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া যাচ্ছিল বলে স্বজনরা দাবি করেছেন। তাদের ধারণা, সীমান্ত বিষাক্ত কোনো দ্রব্য পান করে আত্মহত্যা করেছেন। তবে এর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন