রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎসকরা।
সোমবার দুপুর থেকে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ অন্ধকারে নিমজ্জিত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, চিকিৎসকরা মোবাইলের ফ্ল্যাশলাইট ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হন।
সরেজমিনে দেখা যায়, হাম আক্রান্ত শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটে আলো না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তীব্র গরমে শিশু ও বৃদ্ধ রোগীদের অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। অনেক স্বজন হাতপাখা দিয়ে রোগীদের বাতাস করতে দেখা যায়। জরুরি চিকিৎসা কার্যক্রমেও মোবাইলের আলো ব্যবহার করতে হচ্ছে চিকিৎসকদের।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তিতে পড়া রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। নীলফামারী থেকে আসা এক অভিভাবক ও নারায়ণগঞ্জ থেকে আসা আরেক রোগীর স্বজন জানান, বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চিকিৎসা ব্যাহত হচ্ছে এবং রোগীদের কষ্ট বাড়ছে। তারা হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান।
এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইদ্রিস-উল সিদ্দিকী মেহেদী বলেন, “আজ একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে। চিকিৎসকরা মোবাইলের আলো ব্যবহার করে যতটুকু সম্ভব চিকিৎসা দিয়েছেন।”
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন