ফুটপাত দখলমুক্ত করতে গুলশানে যৌথ অভিযান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০২:০৫ পিএম
ফুটপাত দখলমুক্ত করতে গুলশানে যৌথ অভিযান

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-১ সংলগ্ন গুদারাঘাট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে লেকপাড় ও সড়কের পাশের প্রায় অর্ধশতাধিক অস্থায়ী দোকান ভেঙে ফেলা হয়।

অভিযান চলাকালে রাজউকের ভারী হুইল এক্সকাভেটর ব্যবহার করে ফুটপাতের ওপর গড়ে ওঠা সারি সারি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। গুলশান-১ থেকে গুদারাঘাট অভিমুখে ফুটপাত দখল করে স্থাপিত এসব দোকান সরানোর পর অভিযান লেকপাড়ের দিকেও বিস্তৃত হয়। সেখানে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকানের কারণে পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছিল।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

উচ্ছেদকৃত স্থানের পরিমাণ ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে ডিএনসিসি ও রাজউক সূত্রে জানা গেছে।

এম জি