প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হয়।
রোববার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিল নিয়ে সড়কে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর তারা জাদুঘরের সামনেই অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীদের হাতে ছিল বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। সেখানে লেখা ছিল- “প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই”, “শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়”, “দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না” ইত্যাদি স্লোগান।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো স্পষ্ট তথ্যও জানানো হয়নি বলে দাবি তাদের।
তারা আরও জানান, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন