ক্রিকেট ভেন্যুর নিরাপত্তায় আনসার ও বিসিবির সমঝোতা স্মারক স্বাক্ষর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:২০ পিএম
ক্রিকেট ভেন্যুর নিরাপত্তায় আনসার ও বিসিবির সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোতে সমন্বিত ও আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার আনসার ও ভিডিপি সদর দপ্তরে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই চুক্তির আওতায় দেশের গুরুত্বপূর্ণ সাতটি স্টেডিয়ামে (বরিশাল, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, পূর্বাচল, চট্টগ্রাম ও খুলনা) নতুন করে ২৭২ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে। এর আগে থেকেই মিরপুর, কক্সবাজার ও সিলেট স্টেডিয়ামে ১০৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন এই উদ্যোগের ফলে দেশের প্রধান ক্রিকেট ভেন্যুগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, এই চুক্তির মাধ্যমে বিসিবির সঙ্গে আনসার বাহিনীর দীর্ঘদিনের সহযোগিতা একটি প্রাতিষ্ঠানিক রূপ পেল। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন নির্বিঘ্ন রাখতে আনসার সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করবে।

বিসিবির সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ জানান, খেলোয়াড়, কোচ ও দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সমন্বিত পরিকল্পনা অপরিহার্য ছিল। প্রশিক্ষিত আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে স্টেডিয়ামগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিদেশি দল ও কর্মকর্তাদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের সক্ষমতা আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানে আনসার বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর