রাজধানীর কলাবাগান থানার একজন উপ-পরিদর্শক (এসআই) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই পুলিশ কর্মকর্তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার বিকেল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল রাকিবুল হাসানের। কিন্তু তিনি ডিউটিতে না গিয়ে কলাবাগান থানার অন্তর্গত কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সাধারণ পোশাকে বের হয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ রাকিবুল হাসানের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তাঁর বাবার নাম মাইজ উদ্দিন সরকার। তাঁর ব্যক্তিগত বর্ণনায় জানানো হয়েছে, তাঁর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং মাথার চুল ছোট ও কালো।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, এসআই নিখোঁজের বিষয়টি তাঁরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এবং তাঁকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাকিবুল হাসান এর আগেও কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন