ডিএসসিসির নাগরিকদের যে প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:১০ পিএম
ডিএসসিসির নাগরিকদের যে প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলটির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঘোষণা করেছেন, মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের আর কোনো ময়লার বিল দিতে হবে না।

শনিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। সেখানে আসিফ মাহমুদ উল্লেখ করেন, তার পরিকল্পনা এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে নগরবাসীর ওপর কোনো অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে এবং একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ জাতীয় নাগরিক পার্টি দেশের পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে। এতে ঢাকা দক্ষিণ সিটির জন্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম চূড়ান্ত করা হয়।

নির্বাচনী কার্যক্রম জোরদার করতে তিনি সম্প্রতি হেফাজতে ইসলামের আমীরের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন বলেও জানা গেছে।

এদিকে, এই নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী সাদিক কায়েমের নামও আলোচনায় রয়েছে।

এম জি