ওয়াসার খোঁড়াখুঁড়িতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন, গ্যাসহীন কয়েক হাজার পরিবার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৫:৩২ পিএম
ওয়াসার খোঁড়াখুঁড়িতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন, গ্যাসহীন কয়েক হাজার পরিবার

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় আকস্মিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো বাসিন্দা। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার এক জরুরি বার্তায় তিতাস গ্যাস জানায়, গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় ঢাকা ওয়াসার খননকাজ চলাকালে তাদের একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। বড় ধরনের দুর্ঘটনা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট লাইন বন্ধ করা হয়।

পাইপলাইনে লিকেজ শনাক্তের পর দ্রুত মেরামত কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারাসহ সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। এতে ভোগান্তিতে পড়া এলাকাবাসীকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

এএন