কামরাঙ্গীরচরে ভবন থেকে পড়ে মেকানিকের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৪:১২ পিএম
কামরাঙ্গীরচরে ভবন থেকে পড়ে মেকানিকের মৃত্যু

কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় এসি সার্ভিসিংয়ের কাজ করতে গিয়ে ৬ তলা ভবন থেকে পড়ে মো. রবিউল ইসলাম (২০) নামের এক তরুণ মেকানিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রবিউল ইসলাম চাঁদপুর জেলার হাজীপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি বর্তমানে কামরাঙ্গীরচর এলাকার আবুসাঈদ বাজারে বসবাস করতেন এবং ওয়ালটনের প্রতিনিধি হিসেবে এসি সার্ভিসিংয়ের কাজ করতেন।

সহকর্মী ও খালাতো ভাই রাহাদ হোসেন জানান, তারা ওই ভবনে এসি সার্ভিসিংয়ের জন্য যান। ছাদে উঠে ছয়তলা ভবনের বাইরের দিকে থাকা আউটডোর ইউনিটে কাজ করার সময় তিনি রশি দিয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইটের তৈরি রেলিং ধরে বাইরে নামতে গেলে রেলিং ভেঙে নিচে পড়ে যান রবিউল। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এম জি