রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন নিয়ে নির্ধারিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে বাতিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক বার্তায় এ তথ্য জানান।
এর আগে দুপুর ২টা ১৭ মিনিটে পাঠানো এক বার্তায় ডিএমপি জানায়, রাত সোয়া ৮টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য দেওয়ার কথা ছিল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম মো. নজরুল ইসলামের।
প্রাথমিক ঘোষণায় বলা হয়েছিল, পল্লবীর চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদ্ঘাটন সংক্রান্ত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বানও জানানো হয়।
তবে পরে বিকেল ৫টা ৭ মিনিটে ডিএমপি নতুন এক বার্তায় জানায়, অনিবার্য কারণবশত রামিসা হত্যা মামলাসংক্রান্ত নির্ধারিত ব্রিফিং বাতিল করা হয়েছে।
তবে কী কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ডিএমপি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন