রামিসা হত্যা মামলায় দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১১:১৯ এএম
রামিসা হত্যা মামলায় দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

রাজধানীর বহুল আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-জিপি শাখা) থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় আসামিপক্ষকে রাষ্ট্রীয় খরচে আইনি সহায়তা দিতে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আদালতে সুনির্দিষ্ট অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। শুনানি শেষে আদালত তা গ্রহণ করে মামলাটি চূড়ান্ত বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে এই অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ। এতে ঘটনার মূল অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে এই অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

জেএইচআর