রাজধানীর মিরপুর ও উত্তরখানে গ্যাস লিকেজ থেকে ঘটা পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাইকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
উত্তরখানের একটি বাসায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের শতভাগ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে আলী হোসেনের ছেলে রাতুল হাসান তুষার জানান, তার বাবা ও মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে এই তিনজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ভোররাতের দিকে মিরপুরের পাইকপাড়ায় লাইনের গ্যাস লিকেজ থেকে ঘটা অন্য একটি বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। ঘরে জমে থাকা গ্যাসের মধ্যে সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালালে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ যুবকেরা হলেন- মিরাজ, সুজন ও বিপ্লব। তারা সবাই একসঙ্গে পাইকপাড়া এলাকায় থাকতেন বলে জানা গেছে।
ডা. শাওন বিন রহমান এই ঘটনা প্রসঙ্গে জানান, দগ্ধদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ ক্ষত তৈরি হয়েছে। এই তিনজনকেও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন