রাজধানীর মৌচাক এলাকায় সালিস বৈঠককে কেন্দ্র করে ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন তালুকদার স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন।
নিহতের ভাগিনা মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে তিনি বিষয়টি তার মামা বিল্লাল হোসেনকে জানান। ঘটনার মীমাংসার জন্য রাত ৮টার দিকে সেখানে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়।
আকাশের ভাষ্য অনুযায়ী, বৈঠক চলাকালে একপর্যায়ে দুর্বৃত্তরা বিল্লাল হোসেনের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সালিস বৈঠককে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন