মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৪:৩০ পিএম
মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ

রাজধানীর মিরপুরে একটি মাদ্রাসার ছাদে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে মিরপুরের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সালমান (২৬), মারুফ (১২) ও খায়রুল (১৪)। তারা সবাই মাদ্রাসার শিক্ষার্থী।

দগ্ধ মারুফের ভাই মামুন জানান, কয়েকজন শিক্ষার্থী মিলে ছাদে সাইনবোর্ড লাগানোর সময় সেটি পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সালমানের শরীরের ২ শতাংশ, মারুফের ১৮ শতাংশ এবং খায়রুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, একজনকে ভর্তি রাখা হয়েছে।

এম জি