সকালের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৩:০০ এএম
সকালের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সংস্থাটি জানিয়েছে, এমন আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এম জি