অতিরিক্ত পুলিশ কমিশনার

একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১১:০৭ এএম
একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে

একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আজ ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে পবিত্র মহররম মাসও চলছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছে।

সার্বিক পরিস্থিতি তুলে ধরে এস এন নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করি, বাকি সময়েও কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না এবং ঢাকাবাসী সম্পূর্ণ নিরাপদ থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেএইচআর