ঢাকার তুরাগ নদীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর জানায়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বাস্তবে এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে এবং গুজব ছড়িয়ে না দিতে।
পুলিশ আরও জানায়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এ ধরনের মিথ্যা তথ্য ও অপপ্রচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ধরনের গুজব ছড়ানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন