কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০১:৫৮ পিএম
কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

রাজধানীর কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে দগ্ধ অবস্থায় ওই তিন শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)।

দগ্ধদের সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে কেরানীগঞ্জের বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন তারা। কাজ চলার একপর্যায়ে হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে রাকিব, রাজন ও সুমন দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহত তিন শ্রমিকের চিকিৎসা চলছে। তাদের মধ্যে রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুইজনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। বর্তমানে তাদের শরীরে ড্রেসিংয়ের কাজ চলমান থাকায় নির্দিষ্টভাবে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব নয়।

তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি তিন শ্রমিকের কেউই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় নেই। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএন