টানা বর্ষণে আজ দ্বিতীয় দিনের মতো সকাল থেকেই ঢাকার বড় একটা অংশ প্লাবিত হয়ে আছে। এতে পথচারী ও অফিসগামীদের চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সারা দিনই এই দফার বৃষ্টি চলতে পারে। ঢাকা ও এর আশেপাশের এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের কিছু কিছু জায়গায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শেষ রাতের দিকে বৃষ্টি কম থাকলেও সকাল ৭টার পর থেকে এর বেগ অনেকটাই বাড়ে। আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা একই রকম থাকতে পারে। গতকালের পর আজকের এই টানা বৃষ্টিতে আবাসিক এলাকা ও প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা সংকটে পড়েছে।
গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, বনানী কবরস্থান পেরিয়ে ঢাকা গেটের কাছে রাস্তার দুই পাশেই জল জমে যাওয়ায় গাড়ির চাকা প্রায় থমকে গেছে। বনানী-কাকলী ফ্লাইওভারের মুখেও যানবাহন চলছে ধীরগতিতে। যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে জমে থাকা পানি এবং ওয়াসার উন্নয়নকাজের জন্য ওই এলাকায় দীর্ঘ জটলা তৈরি হয়েছে।
অন্যদিকে ইসিবি চত্বর এলাকায় জলজটের কারণে মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে মাটিকাটা ফ্লাইওভারের দিকে যাওয়া গাড়িগুলো ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। ট্রাফিক পুলিশ চালকদের বাড়তি সময় নিয়ে বের হওয়ার এবং সম্ভব হলে অন্য রাস্তা ব্যবহারের অনুরোধ করেছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার কিংবা তার চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন