রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিজস্ব তথ্য-উপাত্তের সামঞ্জস্য নেই বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসের পরিসংখ্যানে রাজধানীতে অপরাধের প্রবণতা কমেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনারের ভাষ্য, টিআইবির প্রতিবেদনে রাজধানীতে অপরাধ বৃদ্ধির যে চিত্র তুলে ধরা হয়েছে, তা পুলিশের নিয়মিত পরিসংখ্যান ও মাঠপর্যায়ের তথ্যের সঙ্গে মেলে না। ডিএমপির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
তিনি জানান, অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ কমে এসেছে বলে দাবি করেন তিনি।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও মানসিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। দায়িত্ব পালনের চাপ কমানো এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো পুলিশ সদস্য ব্যক্তিগত বা পারিবারিক কারণে মানসিক চাপে থাকলে তা গোপন না রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে প্রয়োজনীয় সহায়তা নেওয়ারও আহ্বান জানান তিনি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন