অভিযোগ তদন্তে সত্যতা না পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) গোলাম কিবরিয়ার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে তাকে স্বপদে পুনর্বহাল এবং বরখাস্তকালীন সময়ের সব আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালনকারী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত শেষে প্রমাণিত হয়নি। ফলে তার বিরুদ্ধে জারি করা সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করে আগের পদে বহাল রাখা হয়েছে।
এর আগে গত ১ জুন স্থানীয় সরকার বিভাগ পৃথক আদেশে গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করেছিল। পরবর্তী তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে, গোলাম কিবরিয়ার বরখাস্তকালীন সময়ের বেতন-ভাতা এবং অন্যান্য প্রাপ্য আর্থিক সুবিধা পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন