ফরিদপুরে এলজিইডি ও বিএডিসিসহ বিভিন্ন সরকারি দপ্তরে টেন্ডারবাজির প্রতিবাদে মানববন্ধন করছেন পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনিরুজ্জামান মনির ও সদস্য মো. জামালউদ্দিন কানু। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে সকালে ফরিদপুর বিএডিসি অফিসের সামনে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি করতে গিয়ে তারা বাধার মুখে পড়েন। স্থানীয় এক কাউন্সিলের নেতৃত্বে লোকজন তাদের বাধা দিয়ে সরিয়ে দেয়। সেখানে একদল লোক গেটের সামনে পাহারা বসিয়ে অবস্থান নেয়।
এরপর তারা ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করে।
ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির বলেন, ফরিদপুরে অব্যাহতভাবে শুরু হয়েছে টেন্ডারবাজি। সরকারের বিভিন্ন দপ্তরে একটি গ্রুপ টেন্ডার নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি গ্রুপটি ফরিদপুর বিএডিসি অফিসে টেন্ডার নিয়ন্ত্রণ করে। এরই মাঝে যে টেন্ডারটি হয়েছে ৬২ গ্রুপের প্রায় ২০ কোটি টাকার কাজ।
তিনি অভিযোগ করেন, এই প্রকল্পের পিডি তার পছন্দের লোকজনের মাঝে টেন্ডারের কাজ বন্টন করে দিয়েছেন। তিনজন ঠিকাদারের নিকট থেকে টাকা অগ্রিম নিয়ে তিনজন ঠিকাদারকে প্রকল্পের কাজগুলো দেয়া হয়েছে। তারা শুধু বিএডিসি অফিস নয়, ফরিদপুরের প্রত্যেকটি অফিস টেন্ডার নিয়ন্ত্রণ করে চলছেন। একই সঙ্গে পদ্মা নদীর বালুমহলও নিয়ন্ত্রণ করছেন টেন্ডারবাজ গ্রুপটি। এখান থেকে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এই গ্রুপটি। এতে শহররক্ষা বাঁধসহ নদী তীরের গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মধ্যে রয়েছে বলেও তিনি জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান বাবলু, সাইদুর রহমান, আবুল হোসেন, ইকবাল চৌধুরী, এস এম কামাল, শরীফ ইমরান, যুবলীগ নেতা শাহরিয়ার সোহাগ প্রমুখ।
এদিকে, গত বেশ কিছুদিন যাবত ফরিদপুরে টেন্ডারবাজির বিষয় নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে। এই বিষয় নিয়ে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের ঘটনা। একটি গ্রুপ বিভিন্ন অফিসের সঙ্গে লিয়াঁজো করে টেন্ডার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে বলে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার পৌর আওয়ামী লীগের আয়োজনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন