নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৬ জেলেকে দন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার বিশনন্দী, টেটিয়া, চৈতনকান্দায় মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনকের নেতৃত্বে চলে এ অভিযান।
এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ৫ কেজি ইলিশ মাছ, একটি মাছ ধরার বড় নৌকা, একটি বড় টোনা জাল ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
এসময় হাবিবুর রহমানের ছেলে হাছানকে (১৮) ও করিমের ছেলে আসিফকে (২২) ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে মৃত হক সাবের ছেলে মুক্তার মাঝি (৩০), আব্দুল খালেকের ছেলে আলী মিয়া (৫০), আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ ছালাউদ্দিল (৩০) ও মোসলেম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেনকে (২৫) ) দুই দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার, খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন