পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল নগর গড়তে রেড ক্রিসেন্টের নতুন প্রকল্পের উদ্বোধন

নুরুল আমিন নুর, খুলনা প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১২:২৫ এএম
পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল নগর গড়তে রেড ক্রিসেন্টের নতুন প্রকল্পের উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নগর জলাবদ্ধতা হ্রাস ও দুর্যোগের ঝুঁকি কমিয়ে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উদ্যোগে রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট-এর উদ্বোধন করা হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক ও সংস্থার শহর ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু কলেজ প্রাঙ্গণে জলবায়ু সহনশীল সবুজ নগরী প্রকল্পের আওতায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। তাদের বর্তমান কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার লক্ষ্যে সর্বসাধারণের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধির ওপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এই প্রকল্পের আওতায় শিক্ষাপ্রতিস্থানে নিরাপদ খাবার পানি সরবরাহ, জলাশয় পরিষ্কার, তীব্র দাবদাহ প্রতিরোধে ছাতা ও ক্যাপ বিতরণ, বৃক্ষরোপণ, ডাস্টবিন স্থাপন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশক নিধন ওষুধ স্প্রে করা হবে। কলেজের ৩০ জন যুব সদস্যের প্রত্যক্ষ অংশগ্রহণে এসব কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট খুলনা সিটি ইউনিটের উপসহকারী পরিচালক মোসা. রেক্সোনা খাতুন।

অনুষ্ঠানে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর