নাটোরের বাগাতিপাড়ায় রাতের আঁধারে এক কৃষকের ২০০টি বিদেশি আমের চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুস আলী।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের চক গোয়াশ এলাকায় দাঁড়েয়পাড়া ফসলি মাঠে এ ঘটনা ঘটে। ইউনুস আলী চক গোয়াশ মন্ডল পাড়া গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুস আলী জানান, গত বছর ঢাকা বৃক্ষমেলা থেকে নতুন জাতের কাটিমন ও থাইল্যান্ডের ন্যাম ডকমাই নামের নতুন জাতের এ গাছগুলো সংগ্রহ করেছিলেন। প্রায় ৩৪ শতাংশ জমিতে সাথি ফসল পেঁয়াজ রসুন ও আলুর পাশাপাশি এ চারা আম গাছগুলোর নিয়মিত পরিচর্যা করছিলেন তিনি।
তিনি আরও বলেন, ২০১৮ সালে তার ২ বিঘা বেদানা লিচুর গাছ ও ২০১৯ সালে ২ বিঘা খিরসাপাত আমের বাগান একইভাবে ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন