মনোহরগঞ্জে প্রবাসীর বাড়ির পথে বেড়া দিয়ে যাতায়াতে বাধা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২৪, ০৮:১১ পিএম
মনোহরগঞ্জে প্রবাসীর বাড়ির পথে বেড়া দিয়ে যাতায়াতে বাধা

কুমিল্লার মনোহরগঞ্জে প্রবাসীর বাড়ির পথ দিয়ে যাতায়াতে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, কান্দি গ্রামের ফ্রান্স প্রবাসী হেলাল উদ্দিন নিজ বাড়িতে বিল্ডিং নির্মাণ করছেন। বিল্ডিংয়ের নির্মাণ কাজের মালামাল আনা-নেওয়ার সুবিধার্থে পরিবহন যাতায়াতের প্রয়োজন। নির্মাণ কাজ শুরু দিকে কিছু মালামাল আনা-নেওয়ায় কোন বাধার সম্মুখীন না হলেও গত সোমবার সকালে সে পথে বেড়া দিয়ে জোরপূর্বক বাধা সৃষ্টি করে একই বাড়ির মৃত সামছুল হকের ছেলে মহসিন কন্ট্রাক্টর (৫০) এর নেতৃত্বে মহিন উদ্দিন, সুমনসহ অন্যান্যরা।

এ ঘটনায় প্রবাসী হেলাল উদ্দিন জানান, মহসিন কন্ট্রাক্টরসহ বাধা সৃষ্টিকারীদের সাথে আমার ব্যক্তি বা পারিবারিক কোনো শত্রুতা নেই। আমি বাড়িতে বিল্ডিংয়ের কাজ শুরুর পূর্বে কাজটি মহসিন কন্ট্রাক্টরকে দেওয়ার বিষয়ে আমার আলোচনা হয়। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করতে অপারগতা প্রকাশ করায়, তারই পরামর্শে আমি অন্য কন্ট্রাক্টর দিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে তিনি ক্ষুব্ধ হয়ে আমার ও আমার পরিবারের ক্ষতি সাধনে লিপ্ত হয়।

এরই ধারাবাহিকায় গত সোমবার আমার নির্মাণাধীন বিল্ডিংয়ের মালামাল যেন বাড়িতে না ঢুকতে পারে সেজন্য মহসিন কন্ট্রাক্টর লোকজন নিয়ে বেড়া দিয়ে বাধা প্রদান করেন। এতে বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ফলে আমার নির্মাণাধীন বিল্ডিংয়ের মালামাল নষ্ট ও নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধ হওয়ার কারণে আমি নানাভাবে ক্ষতির শিকার হচ্ছি। বর্তমানে পথটি সরকারি বরাদ্দে সিসি ঢালাইকৃত। পথটি দিয়ে শত বছর ধরে আমরা চলাচল করে আসছি বলেও জানান ওই প্রবাসী।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, এ বিষয়ে আমি অবগত হওয়ার পর ঘটনাস্থলে যাই এবং বেড়া সরিয়ে নিতে মহসিনকে অনুরোধ জানাই। তারা উভয় পক্ষ সম্মত হইলে আমি সমঝোতা করে দেওয়ার চেষ্টা করবো।

ইএইচ