ট্রলারে উঠতে গিয়ে পা পিছলে নদীতে বৃদ্ধ নিখোঁজ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: জুন ১, ২০২৪, ০৩:০২ পিএম
ট্রলারে উঠতে গিয়ে পা পিছলে নদীতে বৃদ্ধ নিখোঁজ

বরিশালের বাকেরগঞ্জে আব্দুল করিম খান (৬৫) নামে এক বৃদ্ধ ট্রলারে উঠতে গিয়ে পান্ডব নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের মাছুয়াখালী খেয়াঘাট থেকে কলসকাঠী বাজারে যেতে ট্রলারে উঠতে গেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ বৃদ্ধ আব্দুল করিম খানের বাড়ি ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে।

স্থানীয়রা জানান, আব্দুল করিম খান নিজ বাড়ি থেকে রওয়ানা দিয়ে সকাল ৭টার দিকে কলসকাঠী হাটে বাজার করতে মাছুয়াখালী খেয়াঘাট থেকে রিজার্ভ ট্রলারে উঠতে গেলে পান্ডব নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মেলেনি।

কবাই ইউপি চেয়ারম্যান জহিরুল হক বাদল সিকদার জানান, বৃদ্ধ করিম খানের নিখোঁজ হওয়ার ঘটনা জানতে পেরে তিনি ঘটনাস্থলে ছুটে যান। কার্যক্রম চলমান রয়েছে। তবে এখনো তার সন্ধান মেলেনি।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের সহায়তায় বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস, ডুবুরি ও থানা পুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। এখনো নিখোঁজ বৃদ্ধর সন্ধান মেলেনি।

ইএইচ