সেই সাহেরনের চিকিৎসার ব্যবস্থা করলেন ইউএনও

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুন ১২, ২০২৪, ০৭:৪২ পিএম
সেই সাহেরনের চিকিৎসার ব্যবস্থা করলেন ইউএনও

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্প মাঠ থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলা সেই সাহেরন বেওয়াকে হাসপাতালে ভর্তি করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। একই সঙ্গে দেওয়া হয়েছে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার।

বুধবার (১২ জুন) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্প থেকে নিজে গাড়িতে তুলে কালীগঞ্জ স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। এর আগে দুপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর সুবিধাভোগী সাহেরন বেওয়া ও ঝালমুড়ি বিক্রেতাকে নগদ ১০ হাজার টাকা ও চাল, তেলসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এ সময় সাথে ছিলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলী রাজিব মো. নাসের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু, ইউপি সদস্য রমজান আলী।

মঙ্গলবার (১১ জুন) আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৫ম পর্যায়ের ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ঘর জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চরফ্যাশনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তিনি। ওই সময় লালমনিরহাটের দুই সুবিধাভোগীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের একজন ঝাঁলমুড়ি বিক্রেতা বাবুল ও ৭০ বছরের বৃদ্ধা সাহেরন বেওয়া।

ওই সময় সাহেরুন বেওয়া ও ঝাল মুড়ি বিক্রেতা বাবুল কথা বলার সময় কান্না জড়িত কণ্ঠে নিজের শারীরিক অসুস্থের কথা জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামকে তাদের দুইজনকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করার জন্য নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী।

হাসপাতালে ভর্তিরত থাকা সাহেরন বেওয়া জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রধানমন্ত্রী অমার কথা শুনে হাসপাতালে ভর্তি করাতে ইউএনওকে নির্দেশ দেয়ার পর তিনি খোঁজ-খবর নিয়েছেন। ইউএনও অনেক ভালো মানুষ তাই উনি হাজার ব্যবস্থার পরেও আমার খবর নিয়ে নিজেই হাসপাতালে ভর্তি করেছেন। এছাড়াও নগদ ৫ হাজার করে দুইজনকে ১০ হাজার টাকা নগদ দিয়েছেন। তেল, চাল,ডালসহ বিভিন্ন খাবার দিয়েছেন।

এ বিষয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাসের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে ওই আশ্রয়ণ প্রকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পরিদর্শন করে সুবিধাভোগী দুইজনকে হাসাপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। এখন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের বিনামূল্যে ওষুধসহ সব ধরনের সুবিধা দেয়া হচ্ছে। এছাড়াও তাদের দুজনের পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ চিকিৎসা দেয়া হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে কাকিনা মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পে ৮৭৫ জন গৃহহীন-ভূমিহীন প্রধানমন্ত্রীর উপহারের ঘর-জমি উদ্বোধন করেন। ওই সময় সাহেরন বেওয়া ও ঝালমুড়ি বিক্রেতা বাবুল কথা বলেন। তাদের কথায় প্রধানমন্ত্রী নির্দেশক্রমেই তাদের চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ ও চাল, তেলসহ নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সব সময় তাদের খোঁজ-খবর নিচ্ছেন।

আরএস