কিশোরগঞ্জে আ.লীগ অফিসে ভাঙচুর, ত্রিমুখী সংঘর্ষে আহত শতাধিক

কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০১:৫৬ পিএম
কিশোরগঞ্জে আ.লীগ অফিসে ভাঙচুর, ত্রিমুখী সংঘর্ষে আহত শতাধিক

কিশোরগঞ্জে আওয়ামী লীগ,পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে।

এ সময় আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এতে পুড়ে যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি।

এছাড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।এ ঘটনায় সাংবাদিক শাখাওয়াত হোসেন আকাশসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে।

জানা যায়, এক দফা দাবির প্রেক্ষিতে রবিবার সকাল ১১ টায় পুরানথানা ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে অবস্থান নেয় আন্দোলনকারীরা।

এসময় জেলা আওয়ামী লীগ কার্যালয়েও অবস্থান নেয় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পুরান থানা থেকে আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় ধাওয়া খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরে গেলে আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এসময় তারা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় আগুন ধরিয়ে দেয়।

এ অবস্থায় প্রথমে সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।

এদিকে কিশোরগঞ্জে রবিবার সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ।

রবিবার রাত ৯ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয় 

বিআরইউ