চট্টগ্রাম বাঁশখালী’র গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরির প্রতিরোধ করতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তা কর্মী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫০) এবং রাশেদ জাওয়ারদার (২৩)।
সরওয়ার আলম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে। রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত ৪ টার দিকে দুই যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে। নিরাপত্তা কর্মীরা তাদের ধরার চেষ্টা করলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তা কর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অন্য দিকে এই চুরির ঘটনায় দুইজন নিরাপত্তা কর্মীর নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এবং সাথে সাথে ঘটনাস্থলে সহ পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করল থানা পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানান, নিহত সরওয়ার আলম কয়লাবিদ্যুৎ কেন্দ্রে সিকিউরিটি ইনচার্জের দায়িত্বে রয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন