চৌগাছা সরকারি হাসপাতালে ২৭ জুলাই থেকে ২৪ ঘণ্টা সিজার সেবা

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১৯ পিএম
চৌগাছা সরকারি হাসপাতালে ২৭ জুলাই থেকে ২৪ ঘণ্টা সিজার সেবা

যশোরের চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য ২৪ ঘণ্টা সিজারিয়ান (সি-সেকশন) সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য কমিটির সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অর্থনীতিবিদ ড. শওকত আলী, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আমিন সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরাইয়া পারভীন, ডা. ইমদাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহম্মেদ, সাংবাদিক ইয়াকুব আলী, মুকুরুল ইসলাম মিন্টু এবং প্রেস ক্লাব চৌগাছার যুগ্ম সম্পাদক এম এ রহিমসহ স্বাস্থ্য কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রসূতি মায়েদের জরুরি সেবা নিশ্চিতকরণ এবং ২৪ ঘণ্টা সিজারিয়ান কার্যক্রম চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এম জি