ভৈরবে সাবেক কাউন্সিলর আশরাফুল আলম গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৬:১৩ পিএম
ভৈরবে সাবেক কাউন্সিলর আশরাফুল আলম গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম (৫২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা আটকের পর তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার ২৫ অক্টোবর বেলা ১২ টায় পৌর শহরের কমলপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের  বিশেষ অভিযানে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার  বিকেল ৩ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আশরাফুল আলম পৌরসভা  ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ডটির আওয়ামী লীগের সভাপতি। তিনি জগন্নাথপুর এলাকার দুলাল মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমকে আসামি করে জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মামুন মিয়া বাদী হয়ে  মামলা দায়ের করেন। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব ।

বিআরইউ