কৃষক ছেলে আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনে বৃদ্ধা মা আমিনা বেগমের (৭৫) মৃত্যু হয়েছে।
সোমবার ঘটনাটি ঘটেছে বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের হাসরাজ গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর উপজেলার উত্তর করমজা গ্রামে বেলা দেড়টায় ফসলি জমি পাওয়ার ট্রিলার দিয়ে চাষ করতে থাকে মান্নান। চাষ করা অবস্থায় অসাবধানবশত পাওয়ার টিলার ব্যাক গিয়ার চাপ লেগে দুর্ঘটনায় গুরুতর আহত হয় তিনি। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর দিবাগত রাতে মৃত্যুবরণ করেন তিনি।
ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তার মা আমিনা বেগম (৭৫) স্ট্রোক করে সোমবার সকাল ৭টায় মৃত্যুবরণ করেন। আমিনা বেগম উপজেলার হাসরাজ গ্রামের মৃত হবিবর রহমান হবু সর্দারের স্ত্রী।
এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে। দুপুরে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুজনের দাফন সম্পন্ন করেন।
সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেডিক্যাল থেকে তাদের তথ্য আহ্বান করেছিলো আমরা ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন