চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মাহমুদা আক্তার, রানীবাড়ী চাঁদপুর এলাকার সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের মেসবাউল, নাচোল উপজেলার ফতেপুর লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম এবং নিজামপুর এলাকার হাসান আলী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার তিনজনই বাড়ির পাশের আমবাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যান।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। একই সময়ে নিজামপুর এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান হাসান আলী।
পৃথক এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন