ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘ এক বছর কারাভোগ করে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি জেলে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসারা হলেন- বাগেরহাট জেলার বাগেরহাট থানার কামরাঙা গ্রামের মোহাম্মদ আলী শেখ (২১) একই গ্রামের ইসরাত খান (৪৮) একই গ্রামের বাবুল রশিদ (৪১), শ্রী পালতোলা গ্রামের ইলিয়াস শেখ (৫১) ও বানসাতালী গ্রামের শেখ রাসেল (৩৬) ও ঠেঙ্গামারী গ্রামের রাজু সরদার (৩১)।
ফেরত আসা মোহাম্মদ আলী শেখ বলেন, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর দুপুরে বাগেরহাটের মোংলা সুন্দরবন দুবলারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করলে ভারতীয় কোস্টগার্ড তাদেরকে আটক করে। আটকের পর কোস্টগার্ড তাদেরকে কলকাতার দমদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেখানের পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত এক বছরের সাজা দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠায়।
কারাভোগ শেষে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল শনিবার রাতে তারা দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুঁইয়া জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ফেরত আসা জেলেদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন