কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় শাহানা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় পাকুন্দিয়া-মির্জাপুর পাকা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শাহানা আক্তার পৌর সদরের বরাটিয়া গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে শাহানা আক্তার পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সুলতানপুর শাহী মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশে নিজবাড়ি থেকে বের হন। তিনি বরাটিয়া চৌরাস্তা এলাকার পাকা সড়কের কিনারে গিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাকুন্দিয়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী অটোরিকশা পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পাকা সড়কের ওপর গিয়ে পড়েন। এ সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাকুন্দিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখায়ত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন