বুলডোজার কর্মসূচি

পাবনাতেও ভেঙে দেয়া হলো মুজিব-হাসিনার নামফলক

পাবনা প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১২:০৭ পিএম
পাবনাতেও ভেঙে দেয়া হলো মুজিব-হাসিনার নামফলক

বুলডোজার কর্মসূচির ঢেউ লেগেছে পাবনাতেও। পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক ভেঙে দেয়া হয়েছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলকও মুছে ফেলা হয়েছে।

এছাড়াও এছাড়াও ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে স্মৃতিস্তম্ভের পাশে নির্মিত বিদ্বেষ ছড়ানো ‍‍‘ঘৃণাস্তম্ভ‍‍’ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতব্যাপী এই সব কর্মসূচি বাস্তবায়িত হয়।

রাত ৯টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের শহীদ চত্বরে শেষ হয়। সেখানে বড় পর্দায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বৈষম্য ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের‌ কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দিবে ইনশাআল্লাহ।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ এ ব্যাপারে বলেন, পাবনা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত‌ পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। আমরা ভাংচুরের কোনো অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

বিআরইউ