কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তাঁর স্ত্রী আকলিমা বেগম (৬৭) ভয়ে স্ট্রোক করে মারা গেছেন বলে অভিযোগ এসেছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
তবে কারা দিয়েছে, তা নিশ্চিত করতে পারেন নি বীরমুক্তিযোদ্ধা শাহজাহানের ছোট ভাই অ্যাডভোকেট আরকান মিয়া।
তিনি বলেন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়ি বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে। ৫ আগস্টের পরও বাড়িতে আগুন, লুটপাট চালানো হয়। ভাইয়ের নামে কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে একদল লোক আবার তার বাড়িতে আগুন দেয়। তবে কাউকে চিনতে পারি নি। এতে ভয় পেয়ে ভাবী আকলিমা বেগম স্ট্রোক করেন। রাত ১১টার দিকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন ও মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, এটা নিশ্চিত করে জানা যায় নি। কেউ এ বিষয়ে থানায় অভিযোগও করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন