পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারে লাগাম টানতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং জোরদার করেছে।
শুক্রবার সকালে সাপ্তাহিক হাটের দিন উপজেলার দক্ষিণ বাজারে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর ছয়টি মামলায় সাড়ে আট হাজার টাকা জরিমানা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
ওজনে কম দেয়া, নষ্ট ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, ময়লা যুক্ত তেল বিক্রি, এবং ফুটপাতে মোটরসাইকেল পার্কিং করায় ছয়টি মামলায় সাড়ে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ব্যবসায়ীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। একইসাথে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করা এবং স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এবং পিরোজপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান, বাজার কমিটির সদস্য, সংবাদকর্মীসহ থানা পুলিশের দুটি দল।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন