বোয়ালমারীতে মাটি ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৭:৪১ পিএম
বোয়ালমারীতে মাটি ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে বেআইনিভাবে মাটি কাটার মাধ্যমে ফসলি জমি নষ্ট করায় এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।

আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালি গ্রামের মো. রফিকের ছেলে মো. কামরুল বেআইনিভাবে কৃষি জমি থেকে মাটি কেটে তা বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। এ কাজে কৃষি জমির ভেতর দিয়ে যাতায়াত করায় জমির ক্ষতি হচ্ছিল।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মো. কামরুলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল বলেন, “ফসলি জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে জমির ক্ষতি সাধন করায় এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ